গোবিন্দগঞ্জে অপহরণের প্রতিবাদ করায় মাকে মারধর

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:০১ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেয়েকে অপহরণের প্রতিবাদে তার মা রুপিয়া বেগমকে এলোপাতাড়ি মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে গোবিন্দগঞ্জ থানায় ৫ জনকে অভিযুক্ত করে মামলা দেন।

জানা গেছে, উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের উত্তর ছয়ঘড়িয়া গ্রামের কাতার প্রবাসী আবুল কালামের মেয়ে জেমি খাতুন গত শনিবার রাতে বাড়ি থেকে অপহরণের শিকার হয়। এ ঘটনায় প্রতিবেশী রায়হান মিয়ার ছেলে রুবেল মিয়া (২০) সহ কয়েকজনকে সন্দেহ হলে তাদের কাছে গিয়ে মেয়েকে ফেরৎ চান রুপিয়া বেগম। 

রুপিয়া বেগম জানান, পূর্ব থেকেই তার নাবালিকা মেয়েকে বিরক্ত করে আসায় তাদের প্রতি সন্দেহ হয়। গত মঙ্গলবার বিকালে মেয়েকে ফেরৎ চাওয়ার কথা বলা মাত্রই তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এলোপাথাড়ি মারধর করে। এরই পরিপ্রেক্ষিতে তিনি স্থানীয় থানায় মামলা দেন। এরপর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম মামলা পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত