চোখের আলো ফেরাতে বিএনপি নেতার মানবিক উদ্যোগ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উত্তর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও ময়মনসিংহ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ সালমান ওমর রুবেল-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু ক্যাম্প। প্রতিবছরের মতো বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়।

উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ৫ হাজার চক্ষু রোগী এদিন প্রাথমিক চিকিৎসা নেন, এর মধ্যে ৬৫০ জনকে চশমা প্রদান করা হয়। এছাড়া বাছাইকৃত ছানি রোগীদের ময়মনসিংহ বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে অপারেশন করানো হবে এবং এর যাবতীয় খরচ বহন করবেন সালমান ওমর রুবেল। 

বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই বিপুল সংখ্যক রোগী ক্যাম্পে উপস্থিত হন। মাঠে রোগীদের জন্য বসার ও সেবাগ্রহণের বিশেষ ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ সালমান ওমর রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, কবি মোজাম্মেল হক, সদস্য একলাছ উদ্দিন বিএসসি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা মনির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সরকার, জেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাইজুল ইসলাম সুমন, এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তফা মনোয়ার আল-আমিন প্রমুখ। 

এছাড়া ময়মনসিংহ বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের দেশি-বিদেশি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা ক্যাম্প পরিদর্শন করেন। মানবিক কর্মকাণ্ডে ভূমিকার স্বীকৃতি হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ সালমান ওমর রুবেলকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানায়।

প্রধান অতিথির বক্তব্যে সালমান ওমর রুবেল বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ফ্রি চক্ষু ক্যাম্প আয়োজন করে আসছি। এখন পর্যন্ত ৭৫ হাজার ৭২৮ জন রোগীকে প্রাথমিক সেবা এবং ৭ হাজার ১৫ জনের ছানি অপারেশন বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত