রূপগঞ্জের সন্ত্রাসী শফিকুল রিভলবারসহ গ্রেপ্তার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:০০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক (৩৬) রাজধানীর সবুজবাগ থেকে একটি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হয়েছেন। 

র‍্যাব-১১-এর একটি দল বৃহস্পতিবার সকালে সবুজবাগ থানার মাদারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম শফিক রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকার ফাইজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে মোট ৮টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাঈম উল হক (বিসিজিএম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রূপগঞ্জের তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় গত ১৮ অক্টোবর (শনিবার) দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীকে গুলি করে শফিকুল ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় লোকমান হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ লোকমান কর্নগোপ এলাকায় একটি খাবার হোটেলের ব্যবসা পরিচালনা করেন। 

সম্প্রতি এলাকার চিহ্নিত সন্ত্রাসী শফিকুল ইসলাম ও তার সহযোগীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় তারা। পরে বাধ্য হয়ে লোকমান ১ লাখ টাকা প্রদান করেন।

এরপর গত ১৮ অক্টোবর দুপুরে বাকি ৪ লাখ টাকা দাবি করে শফিকুল তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে এলাকায় আসে। লোকমান টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা তার ডান পায়ে লাগে। আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শফিকুল নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, গুলিবর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত