উত্তরাঞ্চল মরুভূমি হতে যাচ্ছে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:১৪ এএম

গ্রামের নাম খাগড়াবন্দ। জেলা সদর দিনাজপুর থেকে এর অবস্থান প্রায় ৫৮ কিলোমিটার দূরে। দুই অংশে বিভক্ত এ মৌজার পশ্চিম দিকটি মূল গ্রাম, সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের বাস। মধ্যখানে সুবিশাল ধান-ফসলের প্রান্তর। পূর্বাংশ জুড়ে রাষ্ট্রীয় বনভূমি। শাল, আকাশমণি, ইউক্যালিপটাসসহ অসংখ্য প্রজাতির বৃক্ষে ছেয়ে আছে প্রকৃতি। বনের কোলে ১০-১৫টি সাঁওতাল পরিবারের আদি নিবাস। উপমহাদেশের প্রাচীন এ জনগোষ্ঠী সাধারণত বনাঞ্চলেই বাস করে। ভারতের ঝাড়খ-ের জঙ্গলবেষ্টিত দুমকা জেলা সাঁওতালদের প্রাচীন বাসভূমি হিসেবে পরিচিত। মুসলমানদের মক্কা-জেরুজালেমের মতো দুমকা সাঁওতালদের পবিত্র তীর্থস্থান। কালের ব্যবধানে তারা পূর্ব বাংলায় ছড়িয়ে পড়লেও, প্রকৃতির কোল ছাড়তে পারেনি। কেননা, সাঁওতাল জীবনের সঙ্গে বন-জঙ্গল নিবিড়ভাবে জড়িয়ে আছে। তবে খাগড়াবন্দের সেই ১০-১২টি সাঁওতাল পরিবারের জন্য বন এখন এক বেদনাময় স্মৃতির নাম। কারণ গত এক দশকে গ্রামের কতিপয় প্রভাবশালী ব্যক্তি সাঁওতালপাড়ার চতুর্দিকের শত শত বিঘার রাষ্ট্রীয় বনভূমি উজাড় করে দিয়েছে। ফলে এক সময়ের ছায়াঘেরা সাঁওতালপাড়া এখন ধু-ধু প্রান্তর মনে হয়। খাগড়াবন্দ থেকে ২-৩ কিলোমিটার পশ্চিমে হরিরামপুর মৌজার চিত্র আরও শোচনীয়। পাকা সড়কের দুধারে বছর পাঁচেক আগেও ছিল প্রায় দুইশ বিঘার সবুজ অরণ্য। সেখানেও বাস কয়েকটি সাঁওতাল পরিবারের। মুসলমানদের বাড়িও কাছাকাছি। বনের কোলে যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বাস করে আসছিল দরিদ্র মানুষগুলো। কিন্তু এখন সেখানে গেলে কেউ বিশ্বাসই করতে পারবে না, এখানে একদিন রাষ্ট্রীয় বন ছিল। সমুদয় সম্পত্তি স্থানীয় একজন নেতা রফিকুল ইসলাম শাহ ও তার ছেলে আরিফুল ইসলামের পেটে। গত বছর আওয়ামী লীগ ক্ষমতা হারালেও জমি উদ্ধার করতে পারেনি বন বিভাগ। ফলে পৈতৃক সম্পত্তির মতো ভোগদখল করছেন তারা।

এবার ভাদ্রের এক গগনঝরা রৌদ্রদিনে গেলাম হরিরামপুরের বারোঘরিয়া সাঁওতালপাড়ায়। রোদের ঝলকে মনে হলো যেন, এক টুকরা সাহারা প্রান্তর। সাঁওতাল বাড়িগুলোর টিনের চাল তপ্ত হয়ে উঠেছে। ঘরে টেকা অসম্ভব। বাইরে যাওয়া আরও অসম্ভব। ছোট্ট একটি বাঁশঝাড়ের ছায়ায় গবাদিপশু, নারী-শিশু, বৃদ্ধ সবাই একসঙ্গে হাঁসফাঁস করছেন। জনৈক সাঁওতাল নারী বললেন, ‘আগে জঙ্গল আছিল, কতই না শান্তিতে আছিলাম হামরা। জঙ্গলই আছিল হামার মাও-বাপ। সেই জঙ্গল বড়লোকরা কাটি সাফ করি ফেলাইলো। সব জমি দখল করি নিল, এখন হামরা বাড়ি থাকি বাইরই হইতে পারি না। বারান্দা থাকি ফসলের ক্ষ্যাত, গরু-ছাগল পালন করা যায় না, হামরা গরিব মানুষ, এখন বাঁচি কি করি’? জানা গেল, বনভূমি দখল হয়ে যাওয়ার পর, সাঁওতালদের অনেকেই পূর্ব পুরুষের ভিটে ছেড়ে অন্যত্র চলে গেছেন। অনেকেই স্থায়ী প্রস্তানের চিন্তা করছেন। যারা পড়ে আছেন, তারা কেবল পূর্ব পুরুষের মায়ার টানে। রাষ্ট্রীয় সম্পদের এহেন অবাধ লুটপাট গোপনে হয়নি। বরং বন কর্মকর্তাদের চোখের সামনেই ঘটেছে। খাগড়াবন্দ বা হরিরামপুর থেকে দিনাজপুর বন বিভাগের আওতাধীন মধ্যপাড়া রেঞ্জের সদর দপ্তর মাত্র ২-৩ কিলোমিটারের মধ্যে। এরপরও বন বিভাগ বাস্তবসম্মত কোনো ব্যবস্থা নিতে পারেনি। অথবা নিলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি। বনখেকোদের দুঃসাহসী হাত, নিরীহ সাঁওতালপাড়া ছাড়িয়ে এরই মধ্যে অনেক দূর পৌঁছে গেছে। এখন স্থানীয় বনভূমির সবখানেই থাবা বসাচ্ছে তারা। এটি একটি ছোট্ট উদাহরণমাত্র।

দেশের ‘খাদ্যভা-ার’ হিসেবে পরিচিত দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, পাবনাসহ গোটা উত্তরাঞ্চলের হাজার হাজার বিঘা রাষ্ট্রীয় বনভূমি ভয়াবহ অস্তিত্ব সংকটে পড়েছে। গাছ কেটে ফেলায় অনেক এলাকা বিরানভূমিতে পরিণত হয়েছে। পাল্টে গেছে স্থানীয় প্রাণ-

প্রকৃতি। এর ফলে জলবায়ু-পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে এমনটি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যার সামান্য ক্ষমতা আছে সেই অবাধে গাছ কেটে দখল করছে বনভূমি। ক্ষমতাহীনরাও পিছিয়ে নেই। রাতের আঁধারে বনের গাছ কেটে বিক্রি করাটাই পেশা হিসেবে বেছে নিয়েছে দরিদ্রদের অনেকে। দিনের বেলা আবার সেই জমি দখলেও নেয় তারা। অথবা প্রভাবশালীরা, স্বল্প পয়সায় দরিদ্রদের কাছে বিক্রি করে দেয়। যেন উত্তরের বনভূমি রক্ষার সত্যিকার কোনো কর্তৃপক্ষই নেই। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা দিনাজপুর বন বিভাগের আওতাধীন। বন বিভাগের হিসাব বলছে, গত এক যুগে এই তিন জেলায় প্রায় ৩২ শতাংশ (৬,০০০ একর) রাষ্ট্রীয় বনভূমি দখল হয়ে গেছে। ঐতিহ্যবাহী বনের বেশিরভাগই এখন বিলীন। যদিও এ সংখ্যা আরও বেশি হবে বলে স্থানীয়দের ধারণা। বন দখলকারীদের বিরুদ্ধে হাজারো মামলা হলেও থামানো যায়নি ভূমিদস্যুদের। দিনাজপুর বন বিভাগে বলছে, শুধু এ জেলায় প্রায় ৬,০০০ একর বনভূমি দখল হয়ে গেছে, যা জেলার মোট বনাঞ্চলের এক-তৃতীয়াংশ। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ২০২২ সালের এক প্রতিবেদন বলছে, বনের জমি দখলে সবচেয়ে এগিয়ে রয়েছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিসহ অন্যান্য দলের নেতারাও আছেন দখলকারীদের তালিকায়। জেলার পার্বতীপুর উপজেলায় রাষ্ট্রীয় বনভূমির পরিমাণ প্রায় ৫,৯৬৯ একর। এর মধ্যে ২,৯০০ একর বেদখল হয়ে গেছে। কেটে ফেলা হয়েছে হাজার হাজার গাছ। রাতের আঁধারে গাছ কেটে নিয়ে ধীরে ধীরে তা কৃষিজমিতে রূপান্তর করে চাষাবাদ শুরু করেছে দখলকারীরা। প্রায় সাড়ে তিন হাজার বর্গকিলোমিটার আয়তন নিয়ে দেশের অন্যতম বড় জেলা দিনাজপুরে বন বিভাগের রেঞ্জ রয়েছে মাত্র তিনটি। যার একটি মধ্যপাড়া রেঞ্জ। এর আওতায় পার্বতীপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলার বিরাট বনাঞ্চল রয়েছে। যার আয়তন কমপক্ষে ১ হাজার বর্গকিলোমিটার। কিন্তু আশ্চর্য্যরে বিষয় হলো, এই বিশাল বনভূমি তদারকির দায়িত্বে রয়েছেন মাত্র ৪-৫ জন কর্মকর্তা-কর্মচারী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে বন কর্মকর্তা হিসেবে দিনাজপুরের মধ্যপাড়া রেঞ্জে ৩-৪ বছর আগে যোগ দিয়েছিলেন ময়মনসিংহের যুবক আরমান হক (ছদ্মনাম)। টগবগে তরুণ এই কর্মকর্তার স্বপ্ন ছিল, সামাজিক বন রক্ষা করে দেশের প্রাণ-প্রকৃতি রক্ষায় অবদান রাখবেন। কিন্তু বছর না যেতেই তার স্বপ্ন ফিকে হয়ে যায়। তার ভাষায়, শহরের রঙিন জীবন ছেড়ে প্রত্যন্ত এলাকায় এসেছিলাম, দেশের জন্য কাজ করব বলে। সবাই বলত, উত্তরাঞ্চলের মানুষ সহজ-সরল। কিন্তু আমার সব ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এখানকার ধনী-দরিদ্র সবাই বন উজাড় করছে। বনের উপকারভোগীরাই রাষ্ট্রের জমি অবাধে বিক্রি করে দিচ্ছে। বাধা দিতে গেলে দা, হাঁসুয়ার মতো ধারালো অস্ত্র নিয়ে কোপাতে আসে। হাজার হাজার মামলা দেওয়া হচ্ছে, তবু কাজ হয় না। পুলিশও আমাদের যথাযথ সহযোগিতা করে না। তারা বন কর্মকর্তাদের, পাবলিকের সামনে ঠেলে দিয়ে দাঁড়িয়ে থাকে। মামলা করলে, রাতের আঁধারে বন কর্মকর্তাদের আকস্মিক হামলা করে দস্যুরা। যেহেতু আমাদের হাতে অস্ত্র নেই, ফলে মারধর করতে কেউ-ই ভয় পায় না। এত অল্প জনবল নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে কারও পক্ষে বনভূমি রক্ষা করা সম্ভব নয় বলে জানালেন তিনি।

জানা যায়, মধ্যপাড়া রেঞ্জের কুশদহ বিটে কোনো বন কর্মকর্তা থাকতেই পারে না নিরাপত্তার অভাবে। প্রত্যন্ত জনপদ হওয়ায় এই এলাকার দুই-তৃতীয়াংশ বন ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। বিট কর্মকর্তাদের মারধর-হয়রানি ওই এলাকার নিয়মিত চিত্র। ফলে জীবনের ঝুঁকি নিয়ে কোনো কর্মকর্তাই সেখানে টিকতে পারেন না। বাংলাদেশের মানুষ জলবায়ু পরিবর্তন বলতে এখনো উপকূলীয় অঞ্চলকেই বুঝে থাকে। ফলে দেশের খাদ্য ভা-ার উত্তরাঞ্চলের প্রাকৃতিক বিপর্যয় আজও জাতীয় আলোচনার টেবিলে স্থান পায়নি। অথচ বাস্তবতা হলো, বৈশি^ক জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয়ান অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে দ্রুত পরিবর্তন হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় উঠে আসছে। বিশেষ করে, বৈশি^ক উষ্ণতা বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে খরাপ্রবণ উত্তরাঞ্চলে। এর সঙ্গে যোগ হয়েছে আন্তর্জাতিক নদীগুলোতে ভারতের আধিপত্যমূলক বাঁধ। এসব বাঁধ নির্মাণের ফলে প্রধান ভুক্তভোগী হয়েছে দেশের উত্তরাঞ্চল। প্রধান প্রধান নদ-নদীতে পানি না থাকায় ছোট ছোট শাখা নদীগুলো মরে গেছে। দখল হয়েছে হাজার হাজার একর নদী, জলাভূমিসহ খাল-বিল প্রান্তর। জলবায়ু পরিবর্তন ও বিনাশী উন্নয়ন নিয়ে ক’বছর আগে সুইডিশ অর্থনীতিবিদ হেলেনা নরবার্গ হেডজ ইকোনমিকস অব হ্যাপিনেস নামে এক ডকুমেন্টারি নির্মাণ করেন। বিশে^র ১০০টি বিখ্যাত ডকুমেন্টারির মধ্যে স্থান পেয়েছে এটি। তাতে দেখা গেছে, একসময়ের শান্তিপূর্ণ কৃষিপ্রধান জনপদ লাদাখ কীভাবে বিনাশী উন্নয়নের ফলে আজ হুমকিতে পড়েছে। পাল্টে গেছে প্রকৃতি, কৃষি, জীববৈচিত্র্যসহ সবকিছু। স্থানীয়দের ভাষায়, গত এক দশকে উত্তরাঞ্চলের আবহাওয়া ভয়াবহভাবে অস্থির হয়ে পড়েছে। কখনো প্রচ- তাপদাহ, অসময়ে শীত, খরা, বন্যাসহ নানা কারণে বরেন্দ্র অঞ্চলের কৃষি, জীবন-জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা বলছেন, দেশে যে বনভূমির যে চাহিদা তার চেয়ে এমনিতে কম রয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলে গাছপালার সংখ্যা আরও কম। সেখানে বনভূমির ব্যাপক উজাড় এ অঞ্চলে নতুন নতুন হুমকি তৈরি করছে। অনাবৃষ্টি-খরায় পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। এর বড় কারণ হলো, বনভূমি উজাড়করণ। সুতরাং অবশিষ্ট বন রক্ষা এবং দখলে যাওয়া জমি উদ্ধার করে স্থায়ী বনভূমিতে রূপান্তর করতে সরকারকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে।

লেখক: সাংবাদিক

[email protected]

সর্বশেষ সর্বাধিক পঠিত