ইসলামে দয়ার শিক্ষা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ এএম

দয়া মহৎ গুণ। দয়ার মাধ্যমে মানুষের মমতা, ভালোবাসা ও সহানুভূতির প্রকাশ ঘটে। দয়াশীল মানুষ অন্যের কষ্ট অনুভব করেন। অসহায়ের পাশে দাঁড়ান। মানুষের ভুলত্রুটি ক্ষমা করেন। ইসলাম এই গুণকে বিশেষ মর্যাদা দিয়েছে। মানুষের প্রতি সদয় আচরণ, দুর্বলদের সহযোগিতা এবং সৃষ্টির প্রতি মমতা প্রদর্শনকে ইসলামে নেক আমল হিসেবে বিবেচনা করা হয়েছে। একজন প্রকৃত মুমিনের চরিত্রে দয়া ও কোমলতা থাকা অত্যন্ত জরুরি।

দয়ার মূল উৎস মহান আল্লাহর রহমত। তার অন্যতম গুণ আর-রহমান ও আর-রহিম। প্রতিটি সুরার শুরুতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পাঠ করা হয়। এর মাধ্যমে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহ পরম দয়ালু ও অসীম মেহেরবান। মহান আল্লাহ বলেন, ‘আর আমার রহমত সবকিছুকে পরিব্যাপ্ত করে আছে।’ (সুরা আরাফ ১৫৬)

আল্লাহর রহমত প্রত্যাশা করার পাশাপাশি বান্দারও উচিত সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে দয়া করে না, তার প্রতি দয়া করা হয় না।’ (সহিহ বুখারি ৬০১৩)

এই হাদিসে দয়ার গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মানুষের প্রতি মমতা থাকা ইমানি চরিত্রের পরিচয়। অন্যের বিপদে এগিয়ে আসা, অসহায়কে সহযোগিতা করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং অসুস্থ মানুষের সেবা করা দয়ার গুরুত্বপূর্ণ প্রকাশ।

দয়া প্রদর্শনের পরিধি কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। পশুপাখি ও জীবজন্তুর প্রতিও দয়া করার নির্দেশনা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের মধ্যে সওয়াব রয়েছে।’ (সহিহ বুখারি ২৩৬৩)

একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে একজন ব্যক্তি আল্লাহর ক্ষমা লাভ করেছিলেন। এই ঘটনা প্রমাণ করে, কোনো প্রাণীর প্রতি সামান্য দয়াও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। তাই প্রাণীকে কষ্ট দেওয়া, অকারণে হত্যা করা কিংবা খাবার ও পানি থেকে বঞ্চিত করা ইসলামের দয়ার শিক্ষার পরিপন্থী।

শিশু, বৃদ্ধ, নারী, এতিম ও অসহায় মানুষের প্রতি সদয় আচরণেও ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (জামে তিরমিজি ১৯১৯)

সর্বশেষ সর্বাধিক পঠিত