এক সেজদা বাদ গেলে নামাজ হবে কি
প্রশ্ন : কিছুদিন আগে এক রাতে আমার ঘুমের সমস্যা হয়। ফজরের নামাজের সময় ঘুমের চাপ থাকা সত্ত্বেও জামাতে শরিক হই। প্রথম রাকাতে ইমাম সাহেব সেজদায় গেলে আমিও সেজদায় যাই। কিন্তু সেজদারত অবস্থায় আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। এদিকে ইমাম সাহেব প্রথম সেজদা শেষ করে দ্বিতীয় সেজদাও আদায় করেন। দ্বিতীয় সেজদা থেকে উঠে দাঁড়ানোর পর আমার ঘোর কাটে। তখন আমি কী করব বুঝতে না পেরে ইমামের সঙ্গে দাঁড়িয়ে যাই। ছুটে যাওয়া সেজদা আদায় না করেই ইমামের সঙ্গে নামাজ শেষ করি।
এখন আমার জানার বিষয় হলো, এভাবে আদায় করা নামাজ সহিহ হয়েছে কি? আর নামাজ যদি সহিহ না হয়, তাহলে ওই সময় আমার করণীয় কী ছিল।
সিফাত আহমেদ, সিরাজগঞ্জ
উত্তর : আপনার ওই নামাজ সহিহ হয়নি। আপনাকে নামাজটি পুনরায় আদায় করতে হবে। কারণ, নামাজের প্রতি রাকাতে দুটি সেজদা করা ফরজ। কোনো রাকাতে একটি সেজদা ছুটে গেলে সেই রাকাতের নামাজ যথাযথভাবে আদায় হয় না। ফলে নামাজও সহিহ হয় না।
এ অবস্থায় তন্দ্রাভাব কেটে যাওয়ার পর আপনার করণীয় ছিল, প্রথম সেজদা থেকে উঠে নিজে নিজে দ্বিতীয় সেজদাটি আদায় করা। এরপর ইমামের অনুসরণ করে দাঁড়িয়ে যাওয়া। অর্থাৎ ইমাম দ্বিতীয় সেজদা শেষ করে দাঁড়িয়ে গেলেও আপনার ছুটে যাওয়া সেজদাটি আগে আদায় করা প্রয়োজন ছিল। এভাবে করলে আপনার নামাজ সহিহ হতো।
তথ্যসূত্র : ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১২০, খিজানাতুল আকমাল ১/৫৭, আদ্দুররুল মুখতার ১/৪৪৭।
উত্তর দিয়েছেন মুফতি হাসান আল মামুন