অনুশীলনে অসতর্কতায় ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:০৮ এএম

অস্ট্রেলিয়ার ক্রিকেটে আবার নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ১৭ বছর বয়সেই অকাল মৃত্যু হয়েছে এক ক্ষুদে ক্রিকেটারের। প্র্যাকটিসের সময় বলের আঘাতে গুরুতর আহত হয়ে মারা গেছেন বেন অস্টিন নামের ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে মেলবোর্নে, যেখানে এক দশক আগে প্রায় একইভাবে বলের আঘাতে মারা গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজ।

মেলবোর্নের পূর্বাঞ্চলের ফার্নট্রি গাল্লি ক্রিকেট ক্লাবের খেলোয়াড় বেন মঙ্গলবার নেট প্র্যাকটিসে ছিলেন। সে সময় এক সাইড আর্ম থ্রো থেকে আসা বল তার ঘাড়ে আঘাত করে। বেন হেলমেট পরে ব্যাট করলেও স্টেম গার্ড (ঘাড়ের পেছনের অংশ রক্ষাকারী ফ্ল্যাপ) পরেছিলেন না। আঘাত পাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন বেন, পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকালে মারা যান।

এই মর্মান্তিক দুর্ঘটনা ২০১৪ সালে শেফিল্ড শিল্ডে ব্যাট করতে গিয়ে ফিল হিউজের মৃত্যুর ঘটনার সঙ্গে ভয়াবহ সাদৃশ্য এনে দিয়েছে। সেই ঘটনার পর থেকেই হেলমেটে স্টেম গার্ড যুক্ত করা বাধ্যতামূলক হয় পেশাদার ক্রিকেটে, যদিও জুনিয়র ও ক্লাব ক্রিকেটে এখনো তা পুরোপুরি প্রচলিত নয়।

ছেলে হারানো বাবা জেন অস্টিন বলেছেন, ‘বেন ছিল আমাদের জীবনের আলোকচ্ছটা। এই মর্মান্তিক ঘটনায় আমরা ভেঙে পড়েছি। তবে সান্ত্বনা একটাই সে মারা গেছে তার সবচেয়ে প্রিয় জায়গায়, ক্রিকেট খেলার মাঠে।’ তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনা শুধু আমাদের নয়, সেই তরুণ বোলারটির জীবনেও গভীর দাগ ফেলেছে। আমরা তার প্রতিও সহমর্মিতা জানাচ্ছি।’ ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেছেন, ‘এই ট্র্যাজেডি শুধু ফার্নট্রি গাল্লির নয়, পুরো অস্ট্রেলিয়া জুড়ে গভীরভাবে অনুভূত হবে। ক্রিকেট মানুষকে এক করে, আর এমন মুহূর্ত আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়।’ বেনের স্মরণে ক্লাব মাঠে ফুল, কার্ড, ক্রিকেট ব্যাট ও পানির বোতল রাখা হয়েছে। এক ব্যাটে লেখা রয়েছে, ‘রেস্ট ইজি বেনি’ ও ‘ফরএভার ১৪ নটআউট’।

মাত্র ১৭ বছর বয়সেই বেনকে ক্লাবের তরুণ নেতৃত্বের উদাহরণ হিসেবে পুরস্কৃত করা হয়েছিল। এ ঘটনার পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-ভারত আজকের ম্যাচে বেনকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত