বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:২৩ এএম

খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলের কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। প্রচারণাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রূপসা উপজেলা সদরের কাজদিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় খুলনা জেলা বিএনপি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আহতরা হলেন পারভেজ মল্লিক গ্রুপের শান্ত (৩৭), শাহজাদা (৪১), মেহেদী হাসান বুলু (৩৮) এবং হেলাল গ্রুপের জাহিদুল ইসলাম জাহিদ (৩৫) ও ইমরান শেখ (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে টিএস বাহিরদিয়া ইউনিয়ন ও রূপসা উপজেলা সদর কাজদিয়া বাজারে পারভেজ মল্লিকের সমর্থকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বিএনপির হেলালপন্থি কর্মীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পারভেজ মল্লিক রাজনৈতিক কার্যালয়ে আশ্রয় নিলে সেখানে হামলা ও ভাঙচুর করা হয়। এতে দুপক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে অবরুদ্ধ পারভেজ মল্লিককে পুলিশ উদ্ধার করে। এ ছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘অতর্কিত হামলার খবর জানতে পেরেই আমরা টহল মোতায়েন করে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত