দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে কিছুদিন আগেই এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। এশিয়ার কোনো প্রতিপক্ষই টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতে পারেনি। এবার অস্ট্রেলিয়ার মাটিতে সেই ভারতই পড়ল লেজেগোবরে অবস্থায়। শুরুতে অজি পেস আক্রমণের সামনে উড়ে গেল তাদের ব্যাটিং লাইনআপ, তারপর শুরু হলো মিচেল মার্শদের ব্যাটিং ঝড়। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত হেরে গেল ৪ উইকেটে, সেটাও ৪০ বল বাকি থাকতেই!
ক্যানবেরায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, তাই মেলবোর্নে আজ ছিল ভারতের অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় ডাহা ফেল করলেন সূর্যকুমার যাদবরা। ভারত তো টস জিততে ভুলে গেছে সেই কবেই। এবারও তার ব্যতিক্রম হয়নি। টস হেরে ব্যাটিংয়ে নেমেই তারা অজি পেস আক্রমণের মুখে পড়েন। জস হ্যাজেলউড, নাথান এলিস, জাভিয়ের বার্টলেটরা বল হাতে আগুন ঝরান। তাদের গতি আর সুইংয়ের সামনে ব্যাট হাতে যা একটু প্রতিরোধ গড়েছিলেন ওপেনার অভিষেক শর্মা। ইনফর্ম এই তরুণের ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৮ চার ২ ছক্কায় ৬৮ রানের ঝলমলে ইনিংস। আর কেউ চল্লিশের ঘরেও যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মিডল অর্ডারে নামা হর্ষিত রানা। ভারতের ৯ ব্যাটার ছুঁতে পারেননি দুই অঙ্ক! ‘ডাক’ মেরেছেন তিনজন। ১৮.৪ ওভারে ভারত মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়। ৪ ওভার বল করে মাত্র ১৩ রানে ৩ উইকেট নেন জস হ্যাজেলউড। দুটি করে নেন ব্রেটলেট এবং নাথান এলিস।
লক্ষ্য ছোট হলেও অস্ট্রেলিয়া শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করে। ৫১ রানের ঝলমলে উদ্বোধনী জুটি উপহার দেন অধিনায়ক মিচেল মার্শ এবং ট্রাভিস হেড। দুজনেই ছিলেন আগ্রাসী মেজাজে। মার্শ ২৬ বলে ৪৬ আর হেড ১৫ বলে করেন ২৮ রান। তিনে নেমে ২০ বলে ২০ রান করেন জস ইংলিশ। এরপর ৩৭ রানের ভেতর ৫ উইকেট তুলে নিয়ে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় বোলাররা। কিন্তু এতে অস্ট্রেলিয়ার জিততে কোনো সমস্যাই হয়নি। ৪০ বল হাতে রেখে হেসেখেলে তারা জয় তুলে নেয়। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন জাসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। এই জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়োনন্টি সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ১৮.৪ ওভারে ১২৫ (অভিষেক ৬৮, হার্শিত ৩৫, হ্যাজেলউড ৩/১৩, বার্টলেট ২/৩৯, এলিস ২/২১)। অস্ট্রেলিয়া ১৩.২ ওভারে ১২৬/৬ (মার্শ ৪৬, হেড ২৮, ইংলিস ২০, বুমরা ২/২৬, বরুন ২/২৩, কুলদিপ ২/৪৫)। ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী
