হাতিয়ায় জামায়াত মনোনীত এমপি প্রার্থীর হোন্ডা র‌্যালি ও পথসভা

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১১:১৯ এএম

২৭৩ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ মাহফুজুল হকের বিশাল হোন্ডা র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটায় হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজার থেকে দাঁড়িপাল্লার সমর্থনে এ মোটরসাইকেল র‌্যালি শুরু হয়। র‌্যালি প্রথমে সাগরিয়া বাজার থেকে উপজেলার দক্ষিণাংশের জাহাজমারা ও সিডিএসপি বাজারে যায়। 

সেখান থেকে উপজেলার মাঝখানের তমরদ্দি বাজার ও উত্তরের খাসেরহাট হয়ে বিকেলে উপজেলা সদর ও ওছখালী এসে পৌঁছায়। পথিমধ্যে জামায়াত নেতৃবৃন্দ হাতিয়ায় জামায়াত মনোনীত এমপি প্রার্থীর হোন্ডা র‌্যালি ও বিভিন্ন পথসভায় বক্তব্য দেন।

র‌্যালির শুরুতে উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম সাগরিয়া বাজারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

তিনি বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি গণতান্ত্রিক দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে আজকের এই র‌্যালি যেন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়—আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করছি।"

পরে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইদ্রিসের দোয়ার মধ্য দিয়ে র‌্যালিটি শুরু হয়। প্রায় সহস্রাধিক মোটরসাইকেল ও জীপ-ট্রাকে জামায়াতের প্রার্থী শোডাউন করেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ মাহফুজুল হকের নেতৃত্বে র‌্যালিটি উপজেলার দক্ষিণ প্রান্তের ইউনিয়ন জাহাজমারা, সিডিএসপি বাজার, মাঝের তমরদ্দি বাজার হয়ে উত্তরদিকে খাসেরহাট বাজার পর্যন্ত পৌঁছায়। শুক্রবার বন্ধের দিন হওয়ায় বিভিন্ন বাজারে র‌্যালি উপস্থিত হলে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। পরে এটি উত্তরদিক থেকে উপজেলা শহরের প্রধান সড়ক দিয়ে ওছখালী এএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

র‌্যালিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন মেশকাত, হাতিয়া পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলামসহ দলটির বিভিন্ন ইউনিট ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত