আবারও টেস্ট অধিনায়ক শান্ত, 'দেশকে নেতৃত্ব দেওয়া জীবনের সবচেয়ে বড় গর্বের'

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

গত জুনে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফরে যাওয়ার এক দিন আগে দেশে সিরিজপূর্ব সংবাদ সম্মেলন শেষে নাজমুল হোসেন শান্ত জানতে পারেন তিনি আর ওয়ানডে অধিনায়ক নন। পরে সেই শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। পরের সাড়ে চার মাসে টেস্ট খেলার কোনো সূচি ছিল না। তবে আয়ারল্যান্ড সিরিজে টেস্ট অধিনায়ক বেছে নিতেই হতো বোর্ডকে। আবারও নাজমুল হোসেন শান্তই হলেন টেস্ট অধিনায়ক।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত।

বাংলাদেশের সবশেষ টেস্ট ম্যাচের সময় অধিনায়ক ছিলেন শান্ত। তিনিই আবার ফিরলেন দায়িত্বে। এর ফলে আবারও তিন ফরম্যাটে ভিন্ন অধিনায়কে ফিরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টির অধিনায়ক লিটন দাস, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ আর টেস্টের অধিনায়ক শান্ত।

২০২৩ সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান নাজমুল। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধীনে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ওদেরই মাঠে দুটি টেস্ট জিতেছে। সব মিলিয়ে নাজমুলের নেতৃত্বে ৪ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ১টি, হেরেছে ৯টি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল বলেছেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পালন করে যেতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের। আমার নেতৃত্বের প্রতি বোর্ড যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তাতে আমি কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চটা দেব।’

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি অবশ্য চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে শান্তই অধিনায়কত্ব করবেন। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে সিলেটে, ১১ নভেম্বর থেকে। ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত