কুমিল্লার কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকা থেকে ১২ ফুট লম্বা এক অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১ নভেম্বর) দুপুরে সাপটি উদ্ধার করে পরে সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকো পার্কের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজেশপুর ইকো পার্কের রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবীর এবং কোটবাড়ি রেঞ্জ কর্মকর্তা এ কে এম লুৎফুল্লাহ।
স্থানীয়দের বরাত দিয়ে বন বিভাগ জানায়, সকালে আনসার ক্যাম্প এলাকার একটি বাড়ির পাশের জঙ্গলের গাছে বিশাল আকৃতির অজগরটি দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর ভিড় জমে যায়। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কৌশলে সাপটিকে উদ্ধার করেন।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, সাপটি সম্ভবত খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছিল। রাজেশপুর ইকো পার্কে পর্যাপ্ত খাদ্য ও নিরাপদ পরিবেশ থাকায় সেখানে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, অজগর বিষধর নয়। এ ধরনের সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কোথাও এমন সাপ দেখা গেলে হত্যা না করে বন বিভাগকে খবর দিতে অনুরোধ করছি।
