৭ নভেম্বর উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম

আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যৌথসভা শেষে কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে গৃহবন্দি জিয়াউর রহমান মুক্ত হন। সিপাহী-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করেন। দিনটি আমাদের কাছে, জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ।  ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোয় দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিকেল ৩টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে র‌্যালি অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। ৫ নভেম্বর শ্রমিকদলেলের আলোচনা সভা, ৮ নভেম্বর ছাত্রদলের আলোচনা সভা (৭ ও ৮ নভেম্বর টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী), ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মধ্যে ওলামা দলের শিক্ষা উপকরণ বিতরণ, ১০ নভেম্বর তাঁতী দলের আলোচনা সভা, ১১ নভেম্বর কৃষকদলের আলোচনা সভা, ১৩ নভেম্বর শহীদ মিনারে সন্ধ্যায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ ছাড়া ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির উদ্যোগে ১২ নভেম্বর (বুধবার) বাংলাদেশ- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে। দিবসটি উপলক্ষে ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টারি (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে প্রকাশ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত