ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (০৩ নভেম্বর) সকালে সদর উপজেলার কলামনখালী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলা বিএনপি সহ-সভাপতি কলামনখালী গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদ চৌধুরী ও বিএনপি নেতা মাসুদ জোয়ার্দারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
