নয়দিন বন্ধ থাকার পর নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) চার কারাখানা পুনরায় চালু হচ্ছে কাল থেকে। আগামীকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের কাজে যোগদানের জন্য সোমবার (৩ নভেম্বর) দুপুরে পৃথক পৃথক নোটিশ দিয়েছে চার কারখানা। কারখানাগুলো হলো সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্টিং লিমিটেড, দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড ও মেইগো বাংলাদেশ লিমিটেড।
নোটিশে জানানো হয়, গত ২৫ ও ২৬ অক্টোবর ধারাবাহিকভাবে শ্রমিকরা একত্রে কাজ বন্ধ করেন ও কাজ করতে অস্বীকৃতি জানান। এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯ এর ধারা ১২(১) অনুযায়ী, গত ২৬ অক্টোবর হতে কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
পরবর্তীতে কারখানা খোলার বিষয়ে অধিকাংশ শ্রমিকের লিখিত আবেদনের ভিত্তিতে এবং কারখানার সুষ্ঠু উৎপাদন কার্যক্রম চালুর লক্ষ্যে কারখানা কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবার থেকে কারখানার কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। নোটিশে আরও বলা হয়, কারখানার সব কর্মকর্তা, কর্মচারী নির্দিষ্ট তারিখে কর্মস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা, পেশাদারিত্ব সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে কারখানার কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানানো হচ্ছে।
উত্তরা ইপিজেডের এক্সিকিউটিভে ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জব্বার দেশ রূপান্তরকে জানান, শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও দাবি মেনে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এজন্য আগামীকাল মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া চার কারখানা পুনরায় চালু হচ্ছে।
কুয়াকাটায় জেলের জালে উঠে এলো বিষাক্ত ‘লায়নফিশ’