ব্রাজিল দলে নাম্বার নাইনের খোঁজে আনচেলত্তি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১২:৩১ এএম

ব্রাজিল জাতীয় দলের নতুন স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ ফরোয়ার্ড রকি। এক সময় ইউরোপের আলোচিত প্রতিভা হিসেবে বার্সেলোনায় যাত্রা শুরু করা এই স্ট্রাইকার এখন নিজ দেশেই আবার আলোচনার কেন্দ্রে। কোচ কার্লো আনচেলত্তি তাকে ডাক দিয়েছেন সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য।

রকি প্রথম আলোচনায় আসেন ২০২৩ সালে, যখন মাত্র ১৮ বছর বয়সে বার্সেলোনা তাকে ব্রাজিলের আথলেতিকো পারানাএন্সে থেকে কিনেছিল প্রায় ২৫.৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে। কিনেই ৫০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ ধার্য করে বার্সা। তরুণ বয়সেই গোল করার ক্ষমতা, শারীরিক দৃঢ়তা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতায় তিনি তখন ছিলেন নেইমারের পর সবচেয়ে আলোচিত ব্রাজিলীয় ফরোয়ার্ড।

তবে ইউরোপে মানিয়ে নেওয়ার সময়টি তার পক্ষে ছিল না। বার্সায় সুযোগ সীমিত ছিল, ফলে ২০২৪ সালে তাকে রিয়াল বেতিসে লোনে পাঠানো হয়। বেতিসে খেললেও প্রত্যাশা অনুযায়ী ছাপ ফেলতে পারেননি। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি ফিরে যান ব্রাজিলে, এবার পালমেইরাসের জার্সিতে। সেখানেই বদলে গেল সব কিছু। পালমেইরাসে এসে রকি যেন নিজের ছন্দ ফিরে পান। চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত ৫০ ম্যাচে ১৭ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে ব্রাজিলের সিরি আ’য় তার গোলসংখ্যা ১৩। কোচ আবেল ফেরেইরার তত্ত্বাবধানে তার খেলা আরও পরিণত হয়েছে, দলের আক্রমণভাগে ফ্লাকো লোপেজের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে পালমেইরাসকে একাধিক জয়ে নেতৃত্ব দিয়েছেন।

এই ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারই পেলেন রকি ব্রাজিল জাতীয় দলের ডাক। ইউরোপে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচে তিনি প্রথমবারের মতো সিনিয়র দলে সুযোগ পাচ্ছেন। আনচেলত্তি বললেন, ‘রকি দারুণ উন্নতি করেছে। ওর মধ্যে আমি ভবিষ্যতের ব্রাজিলের ৯ নম্বরকে দেখতে পাচ্ছি। এই ম্যাচগুলো আমাদের জন্য আগামী বিশ্বকাপের প্রস্তুতির বড় ধাপ।’ রকির পাশাপাশি আনচেলত্তির স্কোয়াডে আরও দুই নতুন মুখও সুযোগ পেয়েছেন বাহিয়ার লুসিয়ানো জুবা এবং আল-ইত্তিহাদের ফাবিনিও।

আনচেলত্তি জানান, ‘এখন পরীক্ষা নয়, স্থায়ী স্কোয়াড গঠনের সময়। এই দল থেকেই আমরা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছি।’ নেইমার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি নেইমারের সঙ্গে কথা বলিনি। ও পুরোপুরি ফিট হলে আমরা বিবেচনা করব। এই দুই ম্যাচে যারা দলে এসেছে, তারা ব্রাজিলের জার্সিতে কিছু দিতে পারবে বলেই বিশ্বাস করি।’

ব্রাজিল আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে এবং ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার বিপক্ষে খেলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত