শ্রীবরদীতে অবৈধভাবে মজুদ করা ১০৬ বস্তা সরকারি সার জব্দ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে মজুদ করে রাখা ১০৬ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ কৃত সারগুলোর মধ্যে বিএডিসির এমওপি সার ৬৬ বস্তা এবং ডিএপি সার ৪০ বস্তা রয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মোশারফ হোসেন বাবু নামের এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে এসব সার উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোশারফ হোসেন বাবুর সার বিক্রির কোনও লাইসেন্স নেই। তবুও তিনি বিভিন্ন ডিলারের কাছ থেকে সরকারি সার সংগ্রহ করে বাড়িতে মজুদ করছিলেন। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, কৃষকদের কাছে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সারগুলো মজুদ করা হয়েছিল।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, রানীশিমুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুজা এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ বলেন, মোশারফ হোসেন বাবুর সার বিক্রির কোনও লাইসেন্স না থাকায় সারগুলো জব্দ করা হয়েছে। তাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে মামলা করা হয়েছে কি না। এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত