চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে তৃতীয় দফায় উচ্ছেদ অভিযান

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সওজ বিভাগ। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান চালানো হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে প্রভাবশালী মহল সওজের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। এসব দোকানিদের কাছ থেকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হতো বলে জানা গেছে। এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৬ নভেম্বর প্রথম দফায় অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। কিন্তু অল্প সময়ের মধ্যেই পুনরায় একই স্থানে দোকান গড়ে ওঠে। পরে গত ১৮ মে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আবারও প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। মাত্র ছয় মাস না যেতেই প্রভাবশালীদের সহায়তায় ফের নতুন করে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় আজ তৃতীয়বারের মতো অভিযান চালানো হয়। 

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া। অভিযান সহযোগিতা করেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এবং সেনাবাহিনীর একটি টিম।

এ বিষয়ে সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, মহাসড়কে যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্নে রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পুনরায় যাতে সরকারি জায়গা দখল না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি রাখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত