ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির মনোনয়ন প্রার্থী আখতারুল আলম ফারুকের মনোনয়ন বাতিল চেয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ বিএনপি নেতকর্মীরা। তারা আখতারুল আলম ফারুকের বদলে মোহা. আব্দুল করিম সরকারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর ফুলবাড়িয়া সদরের প্রধান সড়কে বিক্ষোভ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মোহা. আব্দুল করিম সরকারের কর্মী-সমর্থকরা।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে নেতারা বলেন, জনবিচ্ছিন্ন নেতা আখতারুল আলম ফারুকের মনোনয়ন বাতিল করে দুঃসময়ের রাজপথের ত্যাগী নেতা মোহা. আব্দুল করিম সরকারকে মনোনয়ন দিতে হবে। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা আন্দোলন চালিয়ে যাবে।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, জেলা যুবদলের সহসভাপতি আনার সাদাত আনার, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিছ, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কুদরতে এ কামাল উজ্জ্বল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুল কবূর সালেক, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল আমিন সাদাত প্রমুখ।
