সিলেট–৪ (জকিগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার (৫ নভেম্বর) রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, একদিন আগে মঙ্গলবার তিনি কেন্দ্রীয় নেতাদের ডাকে ঢাকায় যান। সেখানে কয়েক দফা বৈঠকের পর বুধবার রাতের দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।
প্রথমে আরিফুল হক চৌধুরী সিলেট–১ আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই আসনে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নাম ঘোষণা করলে, সিলেট–৪ ও ৫ আসন ফাঁকা রাখা হয়।
সিলেট–৫ আসন শরিক দলের জন্য ছাড়ার আলোচনা থাকলেও সিলেট–৪ আসনে কে প্রার্থী হচ্ছেন, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে আরিফুল হক চৌধুরীর নাম ঘোষণা করে।
মনোনয়ন পাওয়ার পর আরিফুল হক চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক। তার নির্দেশে আমি সিলেট–৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। দলের প্রতি দায়িত্ব ও জনগণের ভালোবাসা নিয়েই নির্বাচনী মাঠে নামব, ইনশাআল্লাহ।”
