নড়াইলের গোবরা বাজারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। এসময় এক দোকানি দগ্ধ হলে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্থরা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাজারের সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে পাশের দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় মসজিদের মাইক থেকে আগুনের খবর প্রচার করা তাৎক্ষনিকভাবে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যদের প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর দোকান থেকে মালামাল বের করার সময় মুদি দোকানী সাইফুল ইসলাম দগ্ধ হন। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
নড়াইল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
