হেফাজত আমিরের সঙ্গে ফটিকছড়ি বিএনপি প্রার্থীর সাক্ষাৎ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৫ নভেম্বর) রাতে নাজিরহাট পৌর এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় আল্লামা বাবুনগরীর দোয়া নেন বিএনপির এই প্রার্থী।

এর আগে সরওয়ার আলমগীর মাইজভান্ডার দরবার শরিফ, শেরেবাংলা দরবার, মতি ভাণ্ডার দরবার এবং হেফাজতের প্রয়াত দুই আমির—আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। তিনি নিজের পরিবারের সদস্যদের কবরেও ফাতেহা পাঠ করেন।

এ দিন বিকেলে ফটিকছড়ির নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় বিশাল মোটর শোভাযাত্রায় স্থানীয় মানুষ, বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা সরওয়ার আলমগীরকে ফুল দিয়ে বরণ করেন।

সরওয়ার আলমগীর বলেন, “ফটিকছড়ির জনগণ ও বিএনপির সব স্তরের নেতাকর্মী একসঙ্গে কাজ করলে আমাদের অবহেলিত এলাকার উন্নয়ন সম্ভব।

বিএনপিতে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। মনোনয়ন চাওয়ার প্রতিযোগিতা ছিল, কিন্তু এখন ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করবেন। 

তৃণমূল থেকেই উঠে এসেছি—দলের কঠিন সময়ে রাজপথে থেকেছি, মানুষে মানুষে পাশে থেকেছি। এখন দলের এই আস্থাই আমার সবচেয়ে বড় পুরস্কার।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত