বেপজায় ৪ প্রতিষ্ঠানের ১১১ মিলিয়ন ডলার বিনিয়োগ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৭:০০ এএম

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে চারটি প্রতিষ্ঠান ১১১ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে এ ৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। যার মধ্যে তিনটি বিদেশি প্রতিষ্ঠান এবং একটি দেশি প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার ঢাকার বেপজা কমপ্লেক্সে এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

বিদেশি প্রতিষ্ঠানগুলো চীন, সিঙ্গাপুর ও চীন-সিঙ্গাপুর যৌথ মালিকানাধীন কোম্পানি। অপরটি বাংলাদেশি প্রতিষ্ঠান। নতুন এসব শিল্প জুতা, চামড়া প্রক্রিয়াজাতকরণ, টেস্টিং সেবা এবং এবং গার্মেন্টস এক্সেসরিজ উৎপাদনে বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানগুলোতে ৭ হাজার ৬০৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজা বলছে, চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগটি করছে চীনের তাই মা সুজ (বিডি) কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ৫৫ দশমিক শূন্য ৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি জুতা তৈরির কারখানা স্থাপন করবে। প্রতিবছর ৭০ লাখ জোড়া ফরমাল ও ক্যাজুয়াল জুতা উৎপাদন করবে এবং ৫ হাজার ৯০০ জন বাংলাদেশির কাজের সুযোগ সৃষ্টি হবে এই কারখানায়।

সিঙ্গাপুরের বাংলাদেশ সংশিন লেদার কোম্পানি লিমিটেড ২৫ দশমিক শূন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করবে। প্রতিষ্ঠানটি ক্রাস্ট লেদার থেকে বছরে ৩৬ মিলিয়ন বর্গফুট ফিনিশড লেদার উৎপাদন করবে এবং ৪৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

চীন-সিঙ্গাপুরের যৌথ মালিকানাধীন অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেড ২০ দশমিক শূন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি সেবামুখী টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করবে। এ ল্যাব বাংলাদেশের শিল্পকারখানাগুলোকে, বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলের শিল্পসমূহের জন্য তাদের উৎপাদিত পণ্য ও কাঁচামালের মান পরীক্ষার সুবিধা প্রদান করবে। টেস্টিং সুবিধাসম্পন্ন এ প্রতিষ্ঠানটিতে ৭৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া বাংলাদেশি প্রতিষ্ঠান র‌্যাপটক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১১ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে লেবেল, ট্যাগ, টেপ, প্রিন্টিং ও প্যাকেজিং উপকরণসহ বিভিন্ন গার্মেন্টস আনুষঙ্গিক পণ্য উৎপাদন করবে। বছরে ২০ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যে এ প্রকল্পে ৪৫৭ জনের কর্মসংস্থান হবে।

বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর চুক্তিগুলোতে স্বাক্ষর করেন। অন্যদিকে, তাই মা সুজ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান লিয়াও ওয়েইজুন, বাংলাদেশ সংশিন লেদার কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ঝাং গুয়াংজিন, অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার হু জিনলিন এবং র‌্যাপটক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোর্শেদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় তাদের ধন্যবাদ জানান। তিনি বেপজার কর্মীদের মাধ্যমে বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিতে সার্বক্ষণিক সহায়তা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বেপজা বিনিয়োগকারীদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে সেবাদান পদ্ধতি ক্রমাগত আধুনিকায়ন করছে। নতুন প্রতিষ্ঠানগুলোকে দ্রুত নির্মাণকাজ শুরু করে রপ্তানি কার্যক্রম শুরুর আহ্বান জানান চেয়ারম্যান।

বেপজার সদস্য আশরাফুল কবীর জানান বেপজাধীন আসন্ন দুটি নতুন ইপিজেড (যশোর ও পটুয়াখালী ইপিজেড) বিনিয়োগের নতুন ক্ষেত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত