লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফুটবলার দিয়োগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভা গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান। জোটার মৃত্যুতে ফুটবল বিশ্ব শোকাহত হলেও, তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন না জাতীয় দলের সতীর্থ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। এবার রোনালদো নিজেই জানালেন শেষকৃত্যে না যাওয়ার কারণ।
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে সিআর সেভেন বলেন, ‘দুটি কারণে আমি সেখানে (শেষকৃত্যে) যাইনি। প্রথমত, মানুষ আমাকে অনেক সমালোচনা করে—আমি সেসব নিয়ে ভাবি না। যখন আপনার বিবেক পরিষ্কার থাকে, তখন অন্যরা কী বলল তাতে কিছু যায়-আসে না। দ্বিতীয়ত, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি আর কোনো কবরস্থানে যাইনি।’
পর্তুগিজ মহাতারকা আরও বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানে আমাকে ঘিরে অনেক বেশি হইচই তৈরি হয়। একটা সার্কাসের মতো ব্যাপার হয়ে দাঁড়ায়! আমি চাইনি জোটাকে শেষ বিদায় জানানোর মুহূর্তে সব মনোযোগ আমার দিকে চলে আসুক। সেটা তার পরিবার ও কাছের মানুষের জন্য অসম্মানজনক হতো। লোকে তো সমালোচনা করবেই। কিন্তু আমি জানতাম, আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
দিয়োগো জোটার শেষকৃত্যে লিভারপুলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক, কোচ আর্নে স্লট, অ্যান্ডি রবার্টসনসহ প্রায় পুরো দল উপস্থিত ছিল। সাবেক সতীর্থ জর্ডান হেন্ডারসন ও জেমস মিলনারও এতে অংশ নেন। পর্তুগাল জাতীয় দলের ব্রুনো ফার্নান্দেসসহ আরও অনেকেই শোক প্রকাশ করেন। দিয়োগো জোটা পর্তুগালের হয়ে ৪৯টি ম্যাচ খেলেছিলেন এবং দুইবার উয়েফা নেশন্স লিগ জিতেছেন।
উগান্ডার লিগে ক্রিকেট খেলতেন নিউইয়র্কের মেয়র মামদানি!
জাহানারার নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
বিসিবির তদন্তে ভরসা নেই; মেয়েদের মুখ খোলার অনুরোধ তামিমের