সরকারি হাসপাতালে গিয়ে ব্লাডব্যাংকের রক্ত নেওয়ার পর এইচআইভি শনাক্ত হয়েছে ভারতের পাঁচটি শিশু। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সরকারি সদর হাসপাতালে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত থাকার কারণে তাদের নিয়মিত রক্ত নিতে হয়।
বিবিসির জানিয়েছে, পশ্চিম সিংভূমের জেলা ম্যাজিস্ট্রেট চন্দন কুমার বিষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই হাসপাতাল থেকে রক্ত নেওয়ার ফলে আট বছরের কম বয়সী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচটি শিশু এখন এইচআইভি পজিটিভ হয়ে পড়েছে।
ঘটনা প্রকাশ্যে আসার পর চাইবাসার সিভিল সার্জন, এইচআইভি ইউনিট-এর দায়িত্বে থাকা চিকিৎসক ও সংশ্লিষ্ট টেকনিশিয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই ঘটনায় ভুক্তভুগী পরিবারদের দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
এর মধ্যে একজন শিশু পশ্চিম সিংভূমের মঞ্চরি ব্লকের বাসিন্দা। বছর সাতেকের শশাঙ্ক (নাম পরিবর্তন করা হয়েছে) সংক্রমিত রক্ত সঞ্চালনের ফলে এইচআইভি পজিটিভ হয়ে পড়েছে। শুধু তাই নয়, এই তথ্য জানাজানি হওয়ার পর গত ৩০ অক্টোবর ওই শিশুর পরিবার চাইবাসায় যে ভাড়া বাড়িতে থাকত সেটা খালি করার কথা বলেন বাড়ির মালিক।
চিকিৎসার পাশাপাশি কাছের ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার জন্য এই বাড়িতে থাকত শশাঙ্কের পরিবার। শিশুটির বাবা দশরথ (নাম পরিবর্তন করা হয়েছে) বলেছেন, ‘বাড়িওয়ালা বললেন আপনার ছেলে এইচআইভি আক্রান্ত হয়েছে, তাই বাড়ি খালি করে দিন। আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু বাড়ি খালি করার বিষয়ে অনড় ছিলেন তিনি। এই অবস্থায় প্রায় ২৭ কিলোমিটার দূরে আমার গ্রামে ফিরে আসতে বাধ্য হয়েছি।’
থ্যালাসেমিয়ার কারণে মাসে দুইবার ছেলে শশাঙ্কের রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়ে। এর জন্য এখন তাকে গ্রাম থেকে দু'বার সদর হাসপাতালে যেতে হবে।
এই প্রসঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট চন্দন কুমারকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেছেন, ‘আমরা এই পরিবারগুলোর সব সদস্যদের আমাদের ফোন নম্বর দিয়েছি। যখনই তাদের আসা প্রয়োজন, তখনই জেলা প্রশাসনের তরফে গাড়ির ব্যবস্থা করা হবে।’
