চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনে ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে প্রার্থী ঘোষণার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ফটিকছড়ি সদরস্থ দলীয় কার্যালয় সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় একটি বিক্ষোভ মিছিল পৌর সদর বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও নাজিরহাট ঝংকার চৌরাস্তা মোড় এবং উত্তর ফটিকছড়ির হেয়াকো বাজারে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা।
এ সময় বক্তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে 'দুঃসময়ের নেতা' উল্লেখ করে ফটিকছড়ি আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার জোর দাবি জানান।
সড়ক অবরোধের বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সভা শেষে পূর্ব ঘোষণা ছাড়াই বিএনপির নেতাকর্মীরা তাদের নেতা কর্ণেল আজিম উল্লাহ বাহার সাহেবকে মনোনয়ন প্রদানের দাবিতে সড়ক অবরোধ করেন। এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে যানজটে জনভোগান্তি সৃষ্টি হয়। প্রশাসনের অনুরোধে পরে অবরোধ প্রত্যাহার করা হয়।
