জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, জুলাই সনদ ও কমিশনের রিপোর্টগুলোর বাস্তবায়নের রূপরেখা স্পষ্ট নয়। ঐকমত্য কমিশন, স্বাস্থ্য কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ কাগজে-কলমে সীমাবদ্ধ। বাস্তবে কোনও পরিবর্তন না আসায় জনগণের আস্থা ক্ষীণ হচ্ছে।
শনিবার (৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
তাসনিম জারা বলেন, মূলধারার রাজনীতিতে এখনও যোগ্য নারীপ্রার্থীর অভাব নিয়ে প্রশ্ন তোলা হয়। এত সংগ্রাম, আত্মত্যাগ ও আন্দোলনের পরও যদি নারীরা রাজনীতির মূলধারায় জায়গা না পান, তবে তা কেবল রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা নয়, সমাজেরও আত্মসমালোচনার বিষয়।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পরও সংস্কার নিয়ে বিতর্ক চলছে—আগের সেই ব্যবস্থাই থাকবে নাকি আমরা একটি নতুন দিশায় যাব? আগের ব্যবস্থা ছিল এমন, যেখানে প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা কেন্দ্রীভূত ছিল এবং বিচার বিভাগ ও প্রশাসনে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছিল। সে ব্যবস্থায় দুর্নীতি দমন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করা অসম্ভব ছিল, কারণ এর নিয়োগ প্রক্রিয়া নির্ভর করত সেই ক্যাবিনেটের ওপর, যাদের কর্মকাণ্ডের ওপরই কমিশনকে নজরদারি করার কথা ছিল।
তাসনিম জারা বলেন, যে আন্দোলন, যে আকাঙ্ক্ষা এবং যে আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল—তা যেন কেবল মুখের পরিবর্তনে সীমাবদ্ধ না থাকে। আমাদের এখন দরকার সুস্পষ্ট বাস্তবায়ন, যাতে সত্যিকারের পরিবর্তন দেখা যায় বলেও তিনি উল্লেখ করেন।
