প্রধান বিচারপতি বললেন

বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকতে পারে না

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:২৬ এএম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকতে পারে না। একে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হয়। আর প্রাসঙ্গিক থাকতে হলে একে সংস্কার করতে হয়।’

গতকাল শনিবার সকালে ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক (টিএসসি) কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হীরকজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান বিচারপতি বলেন, ‘ইতিহাসের গভীর বোধ ছাড়া কোনো সংস্কারক প্রজ্ঞাবান হতে পারেন না, আর কোনো বিচারক তার সভ্যতার শিকড় না বুঝে আইনের যথাযথ ব্যাখ্যা দিতে পারেন না।’ তিনি বলেন, ‘আইন হলো কোনো জাতির নৈতিক ইতিহাস, যা ন্যায়ের ভাষায় লেখা হয়, আর ইতিহাস হলো কোনো সমাজকে আরও ভালো হওয়ার অনুসন্ধান।’

বিচার বিভাগীয় সংস্কার প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকে থাকতে পারে না। এটিকে সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হতে হয়। আর সময়ের সঙ্গে বিচার বিভাগকে প্রাসঙ্গিক থাকতে হলে তাকে সংস্কার করতে হয়।’

তিনি বলেন, ‘গত ১৫ মাসে আমরা বিচারব্যবস্থার স্বায়ত্তশাসন, দক্ষতা বৃদ্ধি ও জনগণের বিচারপ্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপান্তরের উদ্যোগ নিয়েছি এবং সেটি এখনো চলমান আছে।’

প্রধান বিচারপতি বলেন, ‘সংস্কারের মূল লক্ষ্য প্রশাসনিক নয় বরং নৈতিক, যাতে প্রতিষ্ঠান ক্ষমতাকে নয়, মানুষকে সেবা দেয়, কর্তৃত্ব বৈধতার সঙ্গে যুক্ত হয় এবং বিচার বিভাগ জনগণের আস্থার নৈতিক অভিভাবকে পরিণত হয়।’

প্রধান বিচারপতি ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্যের বিষয়টি উল্লেখ করেন। তিনি তার প্রয়াত মাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক (একই বিভাগের সাবেক শিক্ষার্থী এবং পরে এ বিভাগের শিক্ষিকা) অধ্যাপক ড. সুফিয়া আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে তিনি কয়েকটি দেশের নাম উল্লেখ করে বলেন, ইতিহাস ও দর্শনের আন্তঃবিষয়ক জ্ঞানচর্চার মাধ্যমে বিশ্বজনীন মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিশ্বের বিভিন্ন দেশের বিচারব্যবস্থার সঙ্গে অংশীদারত্ব প্রতিষ্ঠায় কাজ করছে।

অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত