আধুনিকায়ন ও বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। গতকাল শনিবার সকালে পাবনার নগরবাড়ী আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগে তারা বলেন, আমরা বিদেশিদের চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছি। কীভাবে দিয়ে দিচ্ছি? গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে বিদেশি কোম্পানি নেই? বিশ্বের অনেক দেশেই বন্দর বিদেশি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এ ক্ষেত্রে তারা আরও বেশি লাভবান হচ্ছে। আমাদের চট্টগ্রাম বন্দরটি এখনো ওই রকম মডার্ন নয়। মডার্নাইজেশন করতে গেলে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন। তাছাড়া কার্যক্রম ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে না।
নগরবাড়ী নদীবন্দর সম্পর্কে উপদেষ্টা বলেন, এই বন্দরের সুফল ইতিমধ্যে এখানকার ব্যবসায়ীরা পেতে শুরু করেছেন। ভবিষ্যতে আরও সুযোগ হলে এখানে কনটেইনার হ্যান্ডলিংয়ের ব্যবস্থা করা হবে। সেটিও আমরা পরিকল্পনায় রেখেছি। এ ছাড়া আমরা চারটি ড্রেজার মেশিন পেয়েছি। নাব্য সংকট নিরসনের জন্য এর একটি এখানে দেওয়া হচ্ছে। সবমিলিয়ে মাঝারি আধুনিক একটি পোর্ট হিসেবে এটিকে গড়ার চিন্তাভাবনা রয়েছে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার বেগম। এ ছাড়া অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএর তথ্য মতে, নগরবাড়ী ঘাট নদীপথে সার, সিমেন্ট, কয়লাসহ ভারী পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ২০১৮ সালে এই ঘাটকে আধুনিক নৌবন্দরে রূপান্তরের কাজ শুরু হয়। ভূমি অধিগ্রহণের জটিলতা ও মামলার কারণে দুই দফা মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পর এটির নির্মাণকাজ সম্পন্ন হলো।
