নিহত ২

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’, জরুরি অবস্থা জারি

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৮:২৩ এএম

ফিলিপাইনের উত্তরাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সুপার টাইফুন ‘ফাং-ওং’। ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ের আঘাতে লুজন দ্বীপের বিশাল অংশ লন্ডভন্ড হয়ে গেছে। এতে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বহু অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

রয়টার্স জানায়, স্থানীয় সময় রবিবার (৯ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে ঝড়টি অরোরা প্রদেশে স্থলভাগে আঘাত হানে। প্রবল বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টিতে উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়। কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, ভেঙে পড়ে যোগাযোগব্যবস্থা।

অরোরা, ইসাবেলা ও বিকল অঞ্চলে শত শত গ্রাম পানিতে তলিয়ে গেছে। ঝড়ের আগে নিরাপত্তার স্বার্থে প্রায় ১০ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট, বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি বিমানবন্দরও।

আবহাওয়া অধিদপ্তর পাগাসা জানিয়েছে, ‘ফাং-ওং’ স্থানীয়ভাবে ‘উয়ান’ নামে পরিচিত। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার তাইওয়ান প্রণালির দিকে যেতে পারে। বৃহস্পতিবার নাগাদ পশ্চিম তাইওয়ানে পৌঁছে দুর্বল হয়ে পড়বে ঝড়টি।

এর আগে গত সপ্তাহে ফিলিপাইনে আঘাত হেনেছিল টাইফুন ‘কালমেইগি’। ওই দুর্যোগে দুই শতাধিক মানুষের মৃত্যু হয় এবং লাখো মানুষ গৃহহীন হয়ে পড়ে।

সূত্র: রয়টার্স

×
সর্বশেষ সর্বাধিক পঠিত