শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদীকে মারধরের ঘটনায় তিন দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা।
কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলম বিরতি পালন করেন তারা। আগামীকাল বুধবার (১২ নভেম্বর) অবস্থান কর্মসূচি ও ১৩ নভেম্বর মানববন্ধন কর্মসূচি দিয়েছে নকলা উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
কলম বিরতিতে অংশ নেওয়া অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদীর ওপর বর্বরোচিত হামলার পঞ্চম দিন পেরুলেও মূলহোতা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে এখনও গ্রেফতার করা হচ্ছে না। অনতিবিলম্বে কাইয়ুমকে গ্রেপ্তার করা না হলে আমাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।
গত ৫ নভেম্বর বুধবার দুপুরে নকলা উপজেলা কৃষি অফিসে কৃষি প্রণোদনা কর্মসূচির তালিকায় পছন্দের নাম না থাকায় বাক বিতণ্ডার চরম পর্যায়ে ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদীকে মারধর করেন। উক্ত ঘটনার সিসি ফুটেজ ছড়িয়ে পড়লে ছাত্রদল নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল সংসদ।
