ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩০)-এর ভেন্যুর বাইরে মঙ্গলবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতিসংঘ জানিয়েছে, এতে তাদের দুই নিরাপত্তা সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনের শেষ দিকে প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা বেরিয়ে যাওয়ার সময় এ সংঘর্ষ শুরু হয়। আদিবাসী প্রতিনিধি ও তরুণ কর্মীদের নিয়ে গঠিত একদল বিক্ষোভকারী ভেন্যুর প্রধান ফটকে নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা করলে নিরাপত্তা সদস্যরা তাদের প্রতিহত করেন। উভয় পক্ষকে হাতে থাকা ছোট প্লাস্টিকের বাক্স দিয়ে একে অপরকে আঘাত করতে দেখা গেছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন দপ্তর এক বিবৃতিতে জানায়, বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেন্যুতে প্রবেশের চেষ্টা করেছিল, তবে ঘটনাটি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বিবৃতিতে বলা হয়,'ভেন্যুটি এখন সম্পূর্ণভাবে নিরাপদ, এবং কপ-৩০ এর আলোচনা যথারীতি চলছে'
গ্লোবাল ইয়ুথ কোয়ালিশনের তরুণ সংগঠক আগুস্তিন অকানিয়া জানান, নিরাপত্তাকর্মীরা আকস্মিকভাবে ফটক বন্ধ করে দিলে উত্তেজনা বেড়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন,'তারা আমাদের ছাড়া আমাদের জন্য সিদ্ধান্ত নিতে পারে না'
তিনি আরও বলেন, বহু আদিবাসী সম্প্রদায় ক্ষুব্ধ— কারণ কপ ত্রিশ আয়োজন ঘিরে বিপুল অর্থ ব্যয় করা হলেও তাদের শিক্ষা, স্বাস্থ্য ও বন সংরক্ষণের মতো মৌলিক চাহিদাগুলো এখনো উপেক্ষিত।
অকানিয়া বলেন,'তারা খারাপ উদ্দেশ্যে এ কাজ করেননি, মরিয়া হয়ে নিজেদের ভূমি ও নদী রক্ষার চেষ্টা করছেন। এই ঘটনাই দেখিয়ে দেয়, পৃথিবী রক্ষার নামে যদি শুধু কথার ফুলঝুরি চলে আর ধ্বংস চলতেই থাকে, তাহলে ভবিষ্যতে আরও বড় প্রতিক্রিয়া দেখা যেতে পারে'
