বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের তদন্ত কমিটিতে নতুন করে দুজন সদস্য যুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৮ নভেম্বর একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। আজ সেই কমিটিতে নতুন সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. নাইমা হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান।
কমিটির আগে থেকেই সদস্য ছিলেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা, সাবেক বিচারপতি তারিক উল হাকিম এবং সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।
কমিটির পূর্ণাঙ্গ সদস্য তালিকা:
সভাপতি: বিচারপতি তারিক উল হাকিম, সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সদস্য: রুবাবা দৌলা, পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড
সদস্য: ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা
সদস্য: অধ্যাপক ড. নাইমা হক, প্রাক্তন চেয়ারম্যান, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সদস্য, বাংলাদেশ আইন কমিশন
সদস্য: ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
বিসিবি জানিয়েছে, এই কমিটি তাদের ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা অভিযোগ একট ভিডিও সাক্ষাৎকারে কদিন আগে অভিযোগ করেছেন, সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর তাকে মন্দ স্পর্শের পাশাপাশি অশোভন প্রস্তাব দিয়েছিলেন। এছাড়া টিম ম্যানেজমেন্ট ও বোর্ডের অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে অভিযোগও করেছেন তিনি।
অভিযোগের মুখে পড়া মঞ্জুরুল ইসলাম বর্তমানে চীনের নারী দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, আসন্ন যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছেন এবং সেখানে তার বক্তব্য উপস্থাপন করবেন।
ব্যাটারের দিকে বল ছুড়ে শাস্তি পেলেন নাহিদ রানা