কুমিল্লায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন দলের একাংশের নেতা–কর্মীরা। বুধবার (১২ নভেম্বর) বিকেলে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় দশ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দলীয় সূত্র জানায়, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানকে বাদ দিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনকে কুমিল্লা–৫ আসনে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় নেতা–কর্মীরা। এ সময় মিজানুর রহমানের অনুসারীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দেন।

অবরোধে অংশ নেওয়া নেতা–কর্মীরা বলেন, এটিএম মিজানুর রহমান দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তাঁকেই এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদ বলেন, “গত ১৭ বছর ধরে এলাকার সুখে–দুঃখে ছিলেন মিজানুর রহমান। অথচ তাঁকে উপেক্ষা করে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি অতীতে আওয়ামী লীগের পুনর্বাসন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।”

অবরোধে অংশ নেওয়া নারী নেত্রী কুলসুম আক্তার বলেন, “মিজানুর রহমানই কুমিল্লা–৫ আসনের যোগ্য প্রার্থী। তাঁকে মনোনয়ন না দিলে আমরা রাজপথে আরও কঠোর কর্মসূচি দেব।”

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, “মনোনয়নের দাবিতে বিএনপির নেতা–কর্মীরা চট্টগ্রামমুখী লেনে মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচলে তীব্র জট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত