শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের অপারেশন এবং ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে জাপানি কনসোর্টিয়াম (সুমিটোমো)। এজন্য তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চায়। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে এসব কথা জানান।
গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত এসব কথা বলেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, ‘জাপানি কনসোর্টিয়াম (সুমিটোমো) বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের অপারেশনস ও মেইনটেন্যান্স কাজ করতে আগ্রহী।’
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাপানকে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘ইপিএর সফল আলোচনা এবং বিমানবন্দর অবকাঠামো খাতে জাপানি কনসোর্টিয়ামের (সুমিটোমো) আগ্রহ আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল ও মজবুত করবে।’
জাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) নেগোসিয়েশন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাণিজ্য উপদেষ্টা তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘ইপিএ চুক্তিটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করবে।’
