প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:২৬ এএম

শরীয়তপুর সদরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হলে গতকাল বৃহস্পতিবার সকালে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ইকবাল সিকদার (৩৫) ও আফসের বেপারী (৪০)। তারা দুজনেই সদর উপজেলার বেড়া চিকন্দী এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে বের হন ওই নারী। এ সময় টয়লেটে যাওয়ার পথে অভিযুক্ত ইকবাল ও আফসের ওই নারীকে জোর করে ঘরের পেছনে পরিত্যক্ত জায়গায় নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা পালিয়ে যান। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে আনলে গত বুধবার সকাল ৮টার দিকে তার জ্ঞান ফিরে। এ ঘটনায় ওই দিন বিকেলে ইকবাল ও আফসেরের বিরুদ্ধে ওই প্রবাসী নারী বাদী হয়ে পালং মডেল থানায় মামলা করেন।

তবে অভিযুক্ত ইকবাল সিকদার দাবি করে বলেন, ‘আমরা ওই নারীকে ধর্ষণ করিনি। এ বিষয়েও কিছু জানি না। পরে শুনি আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’

শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুস্মিতা বলেন, ‘মেডিকেল পরীক্ষা করতে আমরা ওই নারীকে হাসপাতালে নিয়েছি। রিপোর্ট হাতে পেলে বলতে পারব তাকে ধর্ষণ করা হয়েছে কি না। তবে তার ওপর ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত