আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বছরের শেষ লড়াইয়ে আঙ্গোলাকে ২-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। লুয়ান্ডায় অনুষ্ঠিত এই ম্যাচে লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলেই জয় পায় লিওনেল স্কালোনির দল। যদিও পুরো ম্যাচ জুড়ে আলবিসেলেস্তেরা খুব বেশি দাপট দেখাতে পারেনি, তবুও সুযোগ কাজে লাগিয়ে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে।
প্রথমার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। বিরতির পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। লাউতারোর পাস ধরে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। যদিও গোলের আগে অফসাইড সন্দেহ ছিল, তবে টেলিভিশন রিপ্লেতে বিষয়টি পরিষ্কারভাবে দেখা যায়নি।
ম্যাচটিকে স্কালোনি কাজে লাগিয়েছেন নতুন কয়েকজন ফুটবলারকে পরীক্ষা করার সুযোগ হিসেবে। এদিন জাতীয় দলে অভিষেক হয়েছে কেভিন ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরোনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও জোয়াকিন পানিচেল্লির।
ম্যাচের শেষদিকে রুল্লির এক ভুলে আত্মঘাতী গোলের আশঙ্কা তৈরি হয়েছিল। তার মুষ্টি দিয়ে বল দূরে ঠেলে দিতে গিয়ে কুটি রোমেরোর পিঠে লেগে বল প্রায় জালে ঢুকে যাচ্ছিল, তবে দ্বিতীয় প্রচেষ্টায় বলটি ধরে বিপদমুক্ত করেন তিনি।
আঙ্গোলাও কয়েকবার সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরুতে লুভুম্বোর একটি শট অল্পের জন্য পোস্ট মিস করে। আর্জেন্টিনার আক্রমণ আগের ম্যাচগুলোর মতো ধারালো না হলেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতেই বেশি মনোযোগী ছিল দল।
এ বছরের আন্তর্জাতিক ফুটবলের এটি ছিল আর্জেন্টিনার শেষ ম্যাচ।
