ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় দুই পথচারী নিহত

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১১:১৯ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি ও খানবাড়ি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টা থেকে ৮টার এদিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত দুই পথচারীর পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে দোগাছি এলাকায় মাওয়ামুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। 

এরআগে রাত সাড়ে ৭টার দিকে উপজেলার খানবাড়ি এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আরও এক পথচারী মারা যান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, আমরা পৌঁছে দেখি পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন। মরদেহ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাখা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, শনিবার রাতে দুটি পৃথক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় ঘাতক অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত