শরীয়তপুর-২ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেছেন, ‘শরীয়তপুর-২ আসনে (নড়িয়া-সখিপুর) আমাকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাদের বন্ধু, কাছের মানুষ আমি শফিকুর রহমান কিরণ। যেভাবে আমাকে জাতীয়তাবাদী দল সম্মান করেছে। তাই দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
গতকাল শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাটে পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের যে চালচিত্র, বাংলাদেশে বিএনপির যে অবস্থান, দেখে মনে হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ।
বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কিরণ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। শরীয়তপুর-২ আসনের নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি? আমাদের শুধু প্রস্তুত থাকলেই চলবে না। আমাদের প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক গ্রামে সব মা-বোনের কাছে বিএনপির পক্ষে ভোট চাইতে হবে। আগামী নির্বাচনে বিএনপিকে যেন ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সেই ব্যবস্থাগুলো আমাদের পূরণ করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে মতভেদ ও দলাদলি ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির পক্ষে যেন ভোট দেওয়া হয় সেই ব্যবস্থা করতে হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও শরীয়তপুর-২ আসনের ভোটাররা।
