‘এস্তেভাও অবিশ্বাস্য প্রতিভা; তার হাতে ব্রাজিলের ভবিষ্যৎ নিশ্চিত’

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ জয়ের স্বাদ পেয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তরুণ ফরোয়ার্ড এস্তেভাওকে নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দেন ব্রাজিল কোচ। মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় দলের জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন পালমেইরাসের এই প্রতিভাবান ফুটবলার। এস্তেভাওয়ের গতি, দক্ষতা ও গোল—সব মিলিয়ে বেশ মুগ্ধ ইতালিয়ান কোচ।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পর ১৮ বছর বয়সী এস্তেভাওকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘এস্তেভাও ডান দিকটা দারুণভাবে ব্যবহার করেছে। ওর প্রতিভা অবিশ্বাস্য। এত কম বয়সে এমন পরিপক্ব খেলা দেখে আমি বিস্মিত হয়েছি। সে মাঠে যেমন প্রভাব বিস্তার করে, ঠিক তেমনই নির্ভুল তার ফিনিশিং। সে খুবই প্রভাবশালী ফুটবলার। আমি নিশ্চিত, তার হাতে ব্রাজিলের ভবিষ্যৎ নিরাপদ।’

এস্তেভাও এবং এদের মিলিতাওয়ের মধ্যে ভালো বোঝাপড়ারও প্রশংসা করে আনচেলত্তি বলেন, ‘আমার মনে হয় মিলিতাও এবং এস্তেভাও জুটি দুর্দান্ত পারফর্ম করেছে। মিলিতাও শারীরিক ও মানসিকভাবে অসাধারণ ফিট। আমার মনে হয় দুই বছর ধরে খেলার বাইরে থাকা তাকে মানসিকভাবে অনেক পরিণত করেছে। আর এস্তেভাওয়ের বয়স এখন কম। তার আরও উন্নতি করতে হবে। তবে তার মাঝে প্রতিভার কোনো ঘাটতি নেই।’

সেনেগালের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে দুই মুখোমুখিতে ব্রাজিলের এক ড্র (২০১৯) ও এক হার (২০২৩) ছিল। সেনেগালের বিপক্ষে ম্যাচটি ছিল আনচেলত্তির অধীনে সাত ম্যাচে ব্রাজিলের চতুর্থ জয়। বাকি তিনটির মাঝে একটি ড্র এবং দুটি পরাজয় আছে। আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) লিলে তিউনিসিয়ার বিপক্ষে নভেম্বর ফিফা উইন্ডোর শেষ প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর মার্চে খেলবে ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত