কুমিল্লা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) ভোরে নগরীর বিভিন্ন এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ভোর ৬টার দিকে টমছম ব্রিজ এলাকায় ছাত্রলীগের একদল কর্মী মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। পরে টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যানার, লাঠি ও লাইটার জব্দ করে পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, মিছিলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ তৎপর হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী বলেন, নগরীর বাইরে জেলার বিভিন্ন উপজেলাতেও অভিযান চালানো হয়েছে। সদর দক্ষিণ, দাউদকান্দি, মুরাদনগর, ভাঙ্গুরা, দেবীদ্বার ও চান্দিনা থেকে একজন করে, নাঙ্গলকোট থেকে দুজনকে আটক করা হয়েছে। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ আরও সাতজনকে আটক করেছে। সব মিলিয়ে আটক ব্যক্তির সংখ্যা ৪৪।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হবে।
ময়মনসিংহে পার্কিং করা কাভার্ড ভ্যানে আগুন