রাজবাড়ীতে জেলা কৃষক লীগের আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগের আহ্বায়ককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই নেতার নাম আবু বক্কর খান (৪৮)। তিনি বরাই ইউনিয়নের নবগ্রামের করম আলীর ছেলে। বর্তমানে তিনি জেলা কৃষক লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। 

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষণাকৃত লকডাউন সফল করতে গত ১০ নভেম্বর রাতে সদর উপজেলার বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামে একটি মিছিল বের করা হয়। বিষয়টি জানতে পেরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় তদন্তধীন আসামি হিসেবে কৃষক লীগের নেতা আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে।   

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কৃষক লীগ নেতা আবু বক্করকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত