ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ ও কলেজের সীমানা প্রাচীরসহ দৃষ্টিনন্দন ফটক নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।
আজ রবিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তা (হাসপাতাল রোড) অবরোধ করে এই বিক্ষোভ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদেও মধ্যে মুসকান ইসলাম বলেন, আমাদের মহিলা কলেজের সামনের সড়কে বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা থাকার কারণে প্রতিদিন কলেজে আসা-যাওয়ার সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে, যানজট, অনাকাঙ্খিত ভিড় ও অনিরাপদ পরিবেশের কারণে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটে। আমাদের আন্দোলনের পর এখানকার ওষুধ ব্যবসায়ীরা আদালতে একটি স্থিতা অবস্থা অর্ডার করিয়েছেন। পরবর্তী শুনানিতে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে দিয়েছেন। এখন আমরা চাই দ্রুত আমাদের কলেজের সামনে থেকে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করতে।
শিক্ষার্থী তাহলিনা চৌধুরী নামে জানান, আমরা এতদিন ধরে আন্দোলন করে যাচ্ছি আমাদের একটাই দাবি, আমরা আমাদের কলেজের সামনে দৃস্টিনন্দন গেইট চাই। রবিবার আদালত থেকে আমাদের পক্ষে রায় দিয়েছেন। তারপরও ব্যবসায়ীরা এখান থেকে উঠছেন না।
এদিকে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান খন্দকার জানান, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মার্কেট অপসারণ করে নিরাপত্তামূলক বেষ্টনী দেয়াল ও গেইট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই তারা তিনমাস আগে থেকে কলেজের সামনে ওষুধ মার্কেটের ভাড়া নেওয়া বন্ধ করে দেন।
