বরিশালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আনন্দ মিছিল 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় প্রকাশ পর বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। পরে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। একই সময়ে বরিশাল সদর উপজেলা ও মহানগরের একাংশের নেতাকর্মীরা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে কাকলীর মোড়ে মিষ্টি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি নুরুল মোমেন কোটন, ১নং যুগ্ম-আহ্বায়ক তারিক সুলায়মান, যুগ্ম-আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ, সহ-সাধারণ সম্পাদক কেএম মাহমুদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাহাত তালুকদার প্রমুখ।

রায়কে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা জানান, এই দেশের বহু মানুষকে মিথ্যা মামলায় ফাঁসির দিকে ঠেলে দিয়েছে খুনি হাসিনা সরকার।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরও বলেন, প্রকৃতির বিচার আল্লাহ এভাবেই করেন। খুনি শেখ হাসিনা যে বিচারবিভাগকে ব্যবহার করে অন্যদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সেই ট্রাইব্যুনালেই তার নিজের ফাঁসির রায় এসেছে। জনগণ এবার ব্যালটের মাধ্যমেই দেশের চূড়ান্ত বিচার নিশ্চিত করবে।

এ সময় তারা আরও দাবি করেন, শেখ হাসিনাসহ যারা বিদেশে পলাতক, তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনানুগ শাস্তি কার্যকর করা প্রয়োজন। বাংলার মানুষ আর কোনও খুনি স্বৈরশাসককে এই দেশে দেখতে চায় না।

রায় ঘোষণার পর নগরীর বিভিন্ন স্থানে ছাত্র-জনতা ও বিএনপি সংশ্লিষ্ট সংগঠনের কর্মীরাও মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত