ফেনীতে নিজাম হাজারীর বাড়িতে অগ্নিসংযোগ 

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩১ এএম

ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগানবাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ির ভেতরে ঢুকতে না পারলেও কাঠ বাঁশ জড়ো করে গেইট ও দেয়ালে আগুন ধরিয়ে দেয়। তবে আগেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটিতে নতুন করে কোনো সম্পদের ক্ষতি হয়নি।

এ বিষয়ে ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগ যে অগ্নি-সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে, বিশেষ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসন আলাদাভাবে কোনো আইনানুগ ব্যবস্থা নেননি। প্রশাসনের এ নিষ্ক্রিয়তার কারণেই এসব ঘটনা বারবার ঘটছে। এসব প্রতিহত করতে আমরা ছাত্র-জনতা মাঠে রয়েছি।

আরেক সাবেক সমন্বয়ক ওমর ফারুক বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার প্রতিক্রিয়াতেই নিজাম হাজারীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। জুলাইকে যতবার আঘাত করা হবে, ততবার তাদের বাড়িঘরেও আগুন দেওয়া হবে। তাদের অস্তিত্ব মুছে দেওয়া হবে। শেখ হাসিনার রায় হয়েছে, একইভাবে এই রায় নিজাম হাজারী ও উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের বিরুদ্ধেও হতে হবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক। গত বছর ৫ আগস্টও মাস্টারপাড়া এলাকার এই বাড়িটি হামলা-লুটপাট ও অগ্নিসংযোগের পরে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত