চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র-গাঁজা উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের বিরুদ্ধে পরিচালিত এক বিশেষ অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮) এবং মো. মামুন (৩৭)।

ডিবি রমনা বিভাগের সূত্রে জানা যায়, সোমবার রাতের (১৭ নভেম্বর) এক গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম কদমতলী থানাধীন নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে, ভাঙারি বাড়ির দক্ষিণে অবস্থিত একটি টিনশেড বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ষাট রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা এবং সাড়ে আট কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারা এলাকায় চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এবং তারা মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য নিজেদের দখলে পিস্তলগুলো রাখত। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কদমতলী থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত