ময়মনসিংহে মাদকসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বাসিন্দা মো. আব্দুস সালাম (৪০) এবং মো. আব্দুল হালিম (৩৫)।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন আলালপুর এলাকার এম এ খালেক ফিলিং স্টেশনের সামনে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ওই স্থানে চেকপোস্ট বসানো হলে হালুয়াঘাট থেকে আসা একটি পিকআপ সিগন্যাল পেয়ে থামে। পিকআপে বহন করা প্লাস্টিকের বস্তার মালামাল সম্পর্কে প্রশ্ন করা হলে গাড়িতে থাকা দুই ব্যক্তি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেন নি। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা বস্তাগুলোতে অবৈধ বিদেশি মদ বহনের কথা স্বীকার করেন।

পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ৭২ বোতল বিদেশি মদ, ২টি মোবাইল ফোন এবং ১টি পিকআপ ভ্যান উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। 

গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত