গণভোটের রূপরেখা দ্রুত চায় এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আসন্ন নির্বাচনে তার দল পুরোপুরি সহযোগিতা করতে প্রস্তুত। তবে এ জন্য নির্বাচন কমিশনকে (ইসি) গণভোটের রূপরেখাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় দ্রুত প্রকাশ করতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন। নাসিরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের স্বতন্ত্রতা, নারী ভোটারদের নিরাপত্তা এবং প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোট কীভাবে পরিচালিত হবে, কবে বাস্তবায়ন করা হবে এবং প্রতারণা প্রতিরোধের জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেওয়া হয়েছে কি না, সেসব দ্রুত প্রকাশ করতে হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী এনসিপি প্রস্তুতি নেবে বলে জানান তিনি।

তিনি বলেন, কমিশন যদি সব রাজনৈতিক দল থেকে সম্পূর্ণ স্বাধীন থাকে, তাহলে এনসিপি ১০০ শতাংশ সহযোগিতা দেবে। আমরা অন্যান্য দলকেও সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

নারী ভোটারদের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করতে মনিটরিং সেল গঠনের প্রস্তাব দেন তিনি। তাঁর উদ্বেগ, নির্বাচনের সময় নারীরা সাইবার হয়রানির শিকার হতে পারেন, তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন।

তরুণ ভোটারদের উৎসাহিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার পরামর্শ দেন তিনি। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তাদের জন্য সময় সীমিত। প্রক্রিয়া আগে থেকে চালু করা হলে অংশগ্রহণ বাড়বে।

প্রতীক ও প্রার্থীর স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতীক একজন প্রার্থীর পরিচয়, যা ভোটারদের জন্য স্বচ্ছতা নিশ্চিত করে।

প্রতিটি রাজনৈতিক দলের জন্য একজন করে অফিসার ট্যাগ করার প্রস্তাব করেন তিনি, যাতে দলের উদ্বেগ ও সমস্যা সহজে জানানো যায়।

নতুন ভোটারদের (১৮ বছর পূর্ণ) বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, নির্বাচনের দিন যাদের বয়স ১৮ হবে, তাদের ভোটারের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, দীর্ঘ সময় পরে বাংলাদেশে একটি সুযোগ এসেছে, যেখানে প্রার্থীরা নিজস্ব প্রতীকে ভোটে অংশ নিতে পারবেন। তিনি ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করার ও নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত