যশোরে বেনাপোলের মাদক ব্যবসায়ী কুদ্দুস আলীকে ফেনসিডিলের মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত কুদ্দুস আলী বেনাপোলের মহিষাডাঙ্গা গ্রামের উত্তর পাড়ার আব্দুস সামাদের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে যশোরের ডিবি পুলিশ কুদ্দুসের বাড়িতে অভিযান চালায়। এ সময় কুদ্দুসকে গ্রেপ্তার ও তার স্বীকারোক্তিতে ঘর তল্লাশি করে ৯৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় ডিবির এসআই আব্দুল মালেক বাদী হয়ে গ্রেপ্তার কুদ্দুসের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলাটির তদন্ত দায়িত্ব পান যশোরের ডিবি পুলিশ। অধিকতর তদন্ত শেষে আসামি কুদ্দুসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দ্রকান্ত গাইন।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি কুদ্দুস আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত কুদ্দুস আলী কারাগারে গ্রেপ্তার আছেন।
