সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম

বাংলাদেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (বিসিবি) সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সংগঠনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকে মুক্তি না দলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বিসিবি নেতারা জানান, গত মঙ্গলবার রাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আবু সাঈদ পিয়াসকে তুলে নিয়ে যায়। পিয়াস সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী হিসেবে পরিচিত।

পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী গণমাধ্যমকে জানান, ডিবি সদস্যরা আমার স্বামীকে তার ব্যক্তিগত মোবাইল ফোনসহ জব্দ করে নিয়ে যায়। আমরা এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে বিসিবি নেতারা স্পষ্ট ভাষায় বলেন, আবু সাঈদ পিয়াসকে অবিলম্বে মুক্তি না দিলে আমরা সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখবো এবং আন্দোলন জোরদার করবো। তারা সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে পিয়াসকে মুক্তি দেওয়া এবং এই ঘটনার তদন্তের দাবি জানান।

বিসিবি সারা দেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতি দোকান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে এবং যতক্ষণ না পিয়াস মুক্তি পান, ততক্ষণ এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত